অনলাইন ডেস্ক:
নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত এক পথসভা থেকে সন্দেহজনক আচরণের কারণে শামস আল আমিন তামিম (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তল্লাশিকালে তার কোমর থেকে একটি পিস্তলসদৃশ বস্তু উদ্ধার করা হলেও পরবর্তীতে পুলিশ নিশ্চিত করেছে যে সেটি কোনো আসল আগ্নেয়াস্ত্র নয়, বরং প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। আটক যুবক নাটোর শহরের কানাইখালী এলাকার বাসিন্দা প্রয়াত শামসুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু উত্তরা গণভবন পরিদর্শন শেষে প্রধান ফটকের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে নেতারা মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় খয়েরি রঙের পোশাক পরা ওই যুবক বারবার তাদের কাছাকাছি আসার চেষ্টা করে।
এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তার আচার-আচরণ সন্দেহজনক মনে করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দাবি করেন, উদ্ধারকৃত অস্ত্রটি তার বাবার লাইসেন্সকৃত এবং নিজের সুরক্ষার জন্য সে এটি সঙ্গে রেখেছিল। তবে পুলিশের অনুসন্ধানে তার দেওয়া তথ্যের অসঙ্গতি ধরা পড়ে।
ঘটনার পর নাটোর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম জানান, "উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে কোনো আগ্নেয়াস্ত্র নয়। এটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল। তবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও ভিভিআইপি নিরাপত্তা বলয়ের কাছে প্লাস্টিকের পিস্তল নিয়ে উপস্থিত হওয়ার নেপথ্যে কী কারণ ছিল, তা জানতে ওই যুবককে ডিবি হেফাজতে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্য: ইত্তেফাক/ বিডিফেস
মেহেদী হাসান