‘চেয়ারম্যান হলে ফ্রি গাঁজা-ইয়াবা দেবো’: যুবদল নেতার পোস্টার ঘিরে তোলপাড়,
Date: 2026-09-16
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৫:৩৬ এ.এম
‘চেয়ারম্যান হলে ফ্রি গাঁজা-ইয়াবা দেবো’: যুবদল নেতার পোস্টার ঘিরে তোলপাড়,
অ-অ+
অনলাইন ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’—এমন বিতর্কিত ও ব্যঙ্গাত্মক বার্তা সংবলিত পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে এমন পোস্টার সাটানো হয়, যা স্থানীয় এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
দেওয়ালে টাঙানো ওই পোস্টারে খোকনকে ‘গাঁজার ডিলার’ হিসেবে উল্লেখ করে লেখা হয়, “আসন্ন ১ নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রীতে দেবো।” এছাড়া পোস্টারে ‘বেকারদের জন্য গাঁজা ভাতা’, ‘মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড’, ‘স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই’ এবং ‘উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’—এমন নানা বিভ্রান্তিকর কথা ও স্লোগান যুক্ত করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর নেটিজেনরা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন।
ঘটনার পেছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে দাবি করে যুবদল নেতা মো. খোকন জানান, সম্প্রতি ইউনিয়ন জামায়াতের আমীরের ছেলের সঙ্গে তার পারিবারিক ও স্থানীয় বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরেই তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ এমন অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিষয়টি পুলিশ নজরদারিতে রেখেছে। ঘটনাটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more