ইংরেজি পরীক্ষায় নকল: বাউফলে ৮ পরীক্ষার্থী বহিষ্কার ও ২ শিক্ষক প্রত্যাহার

Date: 2026-04-26
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বরত দুই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে এ ঘটনা ঘটে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটি বিশেষ ভিজিলেন্স টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে পরীক্ষার হলে নকলের প্রমাণ পেয়ে এ ব্যবস্থা নেয়।
কেন্দ্র সূত্র জানায়, পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থীর প্রশ্নপত্রে ট্রু-ফলস, রি-অ্যারেঞ্জ ও ম্যাচিং অংশের উত্তর আগে থেকেই লেখা ছিল। বিষয়টি দেখে ভিজিলেন্স টিম সন্দেহ করে যে, উত্তরগুলো বাইরে থেকে সরবরাহ করা হয়েছে। পরে যাচাই-বাছাই করে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে ৪ জন বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের এবং অপর ৪ জন বাকেরগঞ্জ উপজেলার কাকড়ধা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ভিজিলেন্স টিমের সদস্য ও বরিশাল বিএম কলেজের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, “প্রশ্নপত্রে পূর্বলিখিত উত্তর পাওয়া গেছে, যা স্পষ্টতই অনিয়ম। তাই তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।” তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষক—শিরিন আক্তার ও শংকর চন্দ্র হালদার—এর বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
কেন্দ্র সচিব ও কালিশুরী এসএ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী বলেন, “পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

gvHE3cF.jpeg

Leave Your Comments