গাইবান্ধায় ১১ মে দুদকের গণশুনানি, শুরু হয়েছে অভিযোগ গ্রহণ
Date: 2026-04-26
অ-অ+
গাইবান্ধা সংবাদদাতা : দুর্নীতি ও হয়রানি প্রতিরোধে
গাইবান্ধায় গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। “আসুন, দুর্নীতির বিরুদ্ধে
একতাবদ্ধ হই” এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে
রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের সমন্বিত রংপুর জেলা
কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে গাইবান্ধা জেলা প্রশাসন
ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। রোববার (২৬ এপ্রিল) দুপুরে
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অভিযোগ গ্রহণ বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ
মাসুদুর রহমান মোল্লা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, দুদক সমন্বিত রংপুর
কার্যালয়ের উপপরিচালক শাহ আজমীর শরিফ মারজি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
এম. আবদুস্ সালাম ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা সদরের বিভিন্ন সরকারি,
আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে দুর্নীতি বা হয়রানির শিকার
হওয়া নাগরিকদের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী
১১ মে (সোমবার) সকাল ৯টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হবে।
এতে ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ তুলে ধরতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more