গুম হওয়া পরিবারদের জন্য ভাতা চালুর প্রস্তাব

Date: 2026-03-08
news-banner

অনলাইন ডেক্স:
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কষ্টের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এসব পরিবারের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারিভাবে বিশেষ ভাতা চালুর প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন।
রবিবার ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের শুভযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, গণতন্ত্রের আন্দোলনে যারা গুম হয়েছেন, তাদের সন্তানরা আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে রয়েছে। বিভিন্ন খাতে সরকারি ভাতা থাকলেও এসব পরিবারের জন্য এখনো নির্দিষ্ট কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে রাষ্ট্রীয়ভাবে মাসিক ভাতা চালুর প্রস্তাব দেবেন।
বক্তৃতাকালে তিনি কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন এবং গুম হওয়া পরিবারগুলোর দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরেন। অতীতের একটি ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, রমজান মাসে একসময় খালেদা জিয়া-এর উপস্থিতিতে গুম হওয়া পরিবারের সন্তানদের নিয়ে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে সময় অনেক পরিবারের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা কাছ থেকে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি-র সাহসিকতার প্রশংসা করে মন্ত্রী তাকে “প্রকৃত হিরো” বলে উল্লেখ করেন। তিনি বলেন, অনেকেই যখন এ বিষয়ে কথা বলতে ভয় পেতেন, তখন তুলি আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে বিষয়টি তুলে ধরেছেন।
অনুষ্ঠানে তিনি নির্মাণাধীন ‘মায়ের ডাক’ চলচ্চিত্র সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের সংগ্রামের ইতিহাস তুলে ধরতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়ক হবে।
এ সময় মন্ত্রী গুম হওয়া পরিবারগুলোর সন্তানদের শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments