প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৯, ২০২৬, ৫:৩০ এ.এম
জকিগঞ্জে ডিউটিরত পুলিশের মাথায় কোপ
অ-অ+
অনলাইন ডেস্ক:
সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতি প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পিকআপ থামানোর চেষ্টা করলে ডাকাতদের রামদার কোপে মাথায় গুরুতর আঘাত পান উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে হাজির করা হলে তারা ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন—জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের মারুফ আহমদ (২০) এবং দরগাবাহারপুর গ্রামের দিদার আহমদ (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ দেখে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। সংকেত না মেনে পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু নেয় পুলিশ দল। রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি থামানোর চেষ্টা করেন এসআই মোরশেদ আলম। এসময় গাড়ির ভেতর থেকে এক ডাকাত ধারালো রামদা দিয়ে তাঁর মাথায় কোপ মারে। গুরুতর আহত অবস্থায় এই কর্মকর্তা ঢলে পড়লে গাড়ি ফেলে হাওরের দিকে পালিয়ে যায় ডাকাত দল।
পরে ঘটনাস্থল থেকে একটি রামদা, চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়। আহত পুলিশ কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ঘটনার পরপরই আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। শুক্রবার কালীগঞ্জ-আটগ্রাম সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় মারুফ ও দিদারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে আলাদা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামি শনিবার আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের আদেশে পরবর্তীতে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more