জন্মসূত্রে নাগরিকত্ব সংকোচনে ট্রাম্পের নতুন দুই নির্দেশ
Date: 2026-08-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৭, ২০২৬, ৪:০২ এ.এম
জন্মসূত্রে নাগরিকত্ব সংকোচনে ট্রাম্পের নতুন দুই নির্দেশ
অ-অ+
অনলাইন ডেস্ক:
সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিক অধিকার সীমিত করতে দুটি ভিন্ন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নতুন এই আদেশে সই করেন তিনি। নতুন আদেশের একটির মাধ্যমে বিদেশি কূটনীতিক ও শত্রুভাবাপন্ন বাহিনীর সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য ব্যতিক্রমী আইনের আওতা বাড়িয়ে তথাকথিত ‘সন্ত্রাসী’, অর্থ দিয়ে নাগরিকত্ব পাওয়া ব্যক্তি ও নির্দিষ্ট কিছু মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুদের যুক্ত করা হয়েছে। অন্য আদেশের মাধ্যমে কেবল সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভিসা নিয়ে আসা বা 'বার্থ ট্যুরিজম' বন্ধে হোমল্যান্ড সিকিউরিটি ও পররাষ্ট্র দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ওভাল অফিস থেকে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ট্রাম্প একে ‘দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দেন। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি নিজের দ্বিতীয় মেয়াদের শুরুতেই যুক্তরাষ্ট্রের ১৪তম সংশোধনীর পুনর্মূল্যায়নের চেষ্টা চালিয়ে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে একটি আদেশ দিয়েছিলেন তিনি। কিন্তু গত জুনে প্রধান বিচারক জন রবার্টসের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ ওই আদেশকে আইনি ভিত্তিহীন উল্লেখ করে তা পুরোপুরি বাতিল করে দেয়।
সংবিধান বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই পরিবর্তিত আদেশ দুটিও আদালতে পৌঁছালে টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। সংবিধান বিশেষজ্ঞ কিম্বার্লি ওয়েহল আল জাজিরাকে জানান, রাজনৈতিক জনপ্রিয়তা পুনরুদ্ধারে এবং নিজ কট্টর সমর্থক গোষ্ঠীকে চাঙ্গা রাখতে ট্রাম্প আদালতকে তোয়াক্কা না করে এমন রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more