বীর মুক্তিযোদ্ধা ও তিনবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়াতেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় কোনো কারণ ছাড়াই এই বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরে অব্যবস্থাপনা নিয়ে কথা বলা একজন জ্যেষ্ঠ নাগরিক ও সাবেক এমপির গণতান্ত্রিক অধিকার। অথচ সরকার এই ঘটনাকে কেন্দ্র করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক আক্রোশ চরিতার্থ করছে। অন্যায়ের প্রতিবাদ করে আখতারুজ্জামান আবারও সাহসিকতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা।
বক্তব্যে রাজনৈতিক ইতিহাস টেনে তিনি জামায়াত-শিবিরকে নিয়ে সম্প্রতি করা বক্তব্যের তীব্র সমালোচনা করেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে জামায়াতের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে গোলাম পরওয়ার বলেন, ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক সহযোগীদেরই ‘গুপ্ত’ বা ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দিয়ে এক ধরণের দ্বিমুখী আচরণ প্রকাশ করা হচ্ছে। সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন ও প্রেস ক্লাব অতিক্রম করে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more