অনলাইন ডেক্স: নড়াইল সদর উপজেলায় তেল না পাওয়া নিয়ে বিরোধের
জেরে এক ফিলিং স্টেশন ম্যানেজার নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) গভীর
রাতে কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৫) উপজেলার তানভীর
ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের
বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী ও বন্ধু জিহাদুল মোল্যা (২৯), যাকে
প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হলে পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার
রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে ফিলিং স্টেশনে আসেন। তেল দেওয়া নিয়ে ম্যানেজার
নাহিদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি নাহিদকে
দেখে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টার দিকে
ফিলিং স্টেশনের কাজ শেষ করে নাহিদ তার সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে
রওনা দেন। এ সময় একটি ট্রাক দ্রুতগতিতে তাদের পিছু নেয় এবং পরে তাদের চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জিহাদ। নিহতের সহকর্মী ও এলাকাবাসী এ ঘটনাকে পরিকল্পিত
হত্যাকাণ্ড দাবি করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more