লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে পৃথক অভিযানে অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এসব উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার সূত্র দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি নজরদারি বিমান বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড এবং একটি স্থানীয় মাছ ধরার নৌকা গিয়ে দ্রুত তাদের নিরাপদে উদ্ধার করে। পরে উদ্ধারকৃতদের আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে পরিচয় যাচাই-বাছাই করা হয়।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে আরও দুটি পৃথক নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে প্রথম নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশি ও ৩১ জন সুদানের নাগরিক ছিলেন। অন্য নৌকাটিতে উদ্ধার হওয়া ৫৬ জনের মধ্যে ৪৭ জনই বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।
সব মিলিয়ে বিগত দুই দিনে উদ্ধার হওয়া ২০২ জন অভিবাসীর মধ্যে অন্তত ৭২ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে উদ্ধারকৃতদের ক্রিটের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে সমুদ্রপথে অভিবাসীদের ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে গ্রিসের ক্রিট দ্বীপ। একের পর এক অভিবাসীবাহী নৌকা পৌঁছাতে থাকায় স্থানীয় প্রশাসনের ওপর অস্থায়ী আশ্রয় ও ব্যবস্থাপনার চাপ দ্রুত বাড়ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more