রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুলকে ঘিরে জল্পনা, কাল জামায়াতের বৈঠক
Date: 2026-08-07
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৭, ২০২৬, ৩:২৪ এ.এম
রাষ্ট্রপতি নির্বাচন: ফখরুলকে ঘিরে জল্পনা, কাল জামায়াতের বৈঠক
অ-অ+
অনলাইন ডেস্ক:
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোট প্রদান করবেন। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া নিশ্চিত হলেও দলটি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। অপরদিকে, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী প্রার্থী দেওয়া না-দেওয়ার প্রশ্নে দলীয় অবস্থান ঠিক করতে শনিবার বৈঠকে বসছে।
তফসিল ও নির্বাচন প্রক্রিয়া ইসির তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে। বিরোধী দল কোনো প্রার্থী না দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় যাঁরা বিএনপির স্থায়ী কমিটির নীতিনির্ধারণী বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের চূড়ান্ত ক্ষমতা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি পদে আলোচনার শীর্ষে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় আছে। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা হলে দল ও সরকারে নতুন পরিবর্তন আনতে হবে এবং তাঁর শূন্য আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়বে।
জামায়াতের অবস্থান সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এখনো রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া বা না-দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দলটির নেতারা জানান, নির্বাচন বর্জন করা, নিজস্ব প্রার্থী দেওয়া কিংবা অন্য কাউকে সমর্থন দেওয়া—এই তিনটি বিকল্প নিয়ে আলোচনা চলছে। শনিবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলটি তাদের চূড়ান্ত কৌশল ঘোষণা করতে পারে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more