একটিমাত্র স্মার্টফোন ব্যবহার করে প্রায় ৩৮টি অনলাইন ক্যাসিনো অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের জুয়া পরিচালনার অভিযোগে খোরশেদ আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলী মালিগাঁও গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদ নিজ নামে নিবন্ধিত বিভিন্ন ক্যাসিনো আইডি, অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপ ব্যবহার করে এ ডিজিটাল জুয়ার নেটওয়ার্ক গড়ে তোলেন। আটকের পর তার ব্যবহৃত মোবাইলটিতে ডিজিটাল ফরেনসিক যাচাই চালিয়ে ৩৮টি সক্রিয় ক্যাসিনো অ্যাপের সন্ধান পান গোয়েন্দারা।
অনুসন্ধানে দেখা যায়, খোরশেদ কেবল নিজেই জুয়া খেলতেন না, বরং ইশারা-প্রলোভনে ফেলে স্থানীয় বিপুল সংখ্যক তরুণ ও সাধারণ মানুষকে এই ক্যাসিনো অ্যাপগুলোতে যুক্ত করতেন। এসব অনলাইন অ্যাপে সর্বস্ব হারিয়ে এলাকার অনেক পরিবার দেউলিয়া হয়েছে এবং ঋণের চাপে পিষ্ট হয়ে আত্মহননের মতো পথ বেছে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠে এসেছে। তার গ্রেপ্তারের সংবাদে স্বস্তি প্রকাশ করে নিয়মিত পুলিশের অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা গোলাম রসুল জানান, অনলাইন ক্যাসিনো ও মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার খোরশেদ আলীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more