তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি-তথ্য কমিশনার
অক্টোবর ১৮, ২০২৬, ৯:২৩ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২৬, ৯:২৩ এ.এম
তথ্য পাওয়ার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি-তথ্য কমিশনার
অ-অ+
নিজস্ব প্রতিবেদক । ঢাকা তথ্য কমিশন কোনো বিশেষ সরকার বা ব্যক্তির
স্বার্থরক্ষায় নয়, বরং সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান। তিনি জানান, জনগণের তথ্যের
অধিকার নিশ্চিত করা, তথ্য কমিশনের কাজ সম্পর্কে মানুষকে অবহিত করা এবং কমিশনে সাধারণ
মানুষের প্রবেশাধিকার সহজ করাই হবে নতুন কমিশনের প্রাথমিক কাজ। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী
আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নতুন
প্রধান তথ্য কমিশনার। তথ্য কমিশনে প্রথমবারের মতো নারী সদস্য
নিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. নাহরিন ইসলাম খান বলেন, “দায়িত্ব পালনের
ক্ষেত্রে কোনো জেন্ডার বা লিঙ্গ পরিচয় কাজ করে না, দায়িত্ববোধটাই আসল। সমাজে যাতে সবাই
সমভাবে অগ্রাধিকার পায়, সেটাই সবচেয়ে বড় বিষয়।” বিগত দিনের কার্যক্রমের সমালোচনা করে তিনি
বলেন, “গত ১৭ বছর ধরে তথ্য কমিশন অস্তিত্বে থাকলেও উল্লেখ করার মতো কোনো উল্লেখযোগ্য
কাজ করতে পারেনি। তবে আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক পরিবেশের এই নতুন তথ্য কমিশন একটি
সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র বডি হিসেবে কাজ করবে এবং জনগণের তথ্য পাওয়ার সাংবিধানিক
অধিকার বাস্তবায়ন করবে।” সাধারণ মানুষের কাছে তথ্য কমিশনের প্রচার
ও পরিচিতি কম থাকা প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বের যেকোনো দেশে মানবাধিকার কমিশন ও তথ্য
কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অতীতে এটি সেভাবে কার্যকর হতে
পারেনি। আমাদের দলের প্রধান লক্ষ্যই হবে তথ্য পাওয়ার প্রক্রিয়াকে কতটা সহজ-সরল করা
যায় এবং জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করা।” গণমাধ্যম নয়, তথ্য অধিকার প্রতিটি নাগরিকের:
তথ্য কমিশনার একই বৈঠকে তথ্য কমিশনার ও সাবেক প্রিমিয়ার্স
স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান তাঁর নতুন অগ্রাধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, “তথ্যের অধিকার শুধু
গণমাধ্যমের একচ্ছত্র অধিকার নয়, এটি এ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। একটি সাংবিধানিক
প্রতিষ্ঠান কীভাবে কাজ করে এবং কীভাবে জনগণের কল্যাণে আসতে পারে, সেটি আমরা প্রকাশ্যে
আনব।” স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার তথ্যপ্রবাহে স্বচ্ছতা ও সঠিক তথ্য নিশ্চিত
করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে সামাজিক, জনকল্যাণ ও
রাষ্ট্রীয় উন্নয়ন নিশ্চিত করাই এই সাংবিধানিক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আমরা জনগণকে
আশ্বস্ত করতে চাই, তথ্য কমিশন জনগণের পাশে থাকবে এবং তথ্যের বিষয়ে তাদের প্রত্যাশা
পূরণ করবে।” নিজের কাজের আনুষ্ঠানিক সূচনার কথা জানিয়ে
তিনি বলেন, “আমরা অভ্যন্তরীণ সব প্রস্তুতি সম্পন্ন করে অতি দ্রুত সরাসরি জনগণের কাজে
নেমে পড়ব। সরকার ও কমিশনের পক্ষ থেকে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে আমরা সর্বাত্মক
চেষ্টা করব।” বিডিফেস/ জাগোবিডি/মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more