প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২৬, ৬:০৩ এ.এম
ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ
অ-অ+
অনলাইন ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এই দেশীয় অস্ত্রের লড়াইয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুনসুরাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য (মেম্বার) মো. সানোয়ার মিয়া এবং একই এলাকার মাতব্বর মো. কালাম শেখের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বিকেলে ফুটবল খেলা দেখা নিয়ে দুই পক্ষের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে শনিবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন ঢাল, শড়কি, রামদা ও ইটের টুকরো নিয়ে মহাসড়কের পাশে এবং গ্রামের ভেতরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শটগানের ফাঁকা গুলি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সানোয়ার মেম্বার, কালাম শেখ, ইমরান, রাসেল, মমিন ও মরিয়ম বেগমের নাম জানা গেছে। এদিকে সংঘর্ষের সুযোগ নিয়ে এক পক্ষ অপর পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরবাড়ি থেকে নগদ টাকা ও গবাদিপশু লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছে। ঘটনার পর থেকে এলাকায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হলেও এর পেছনে দীর্ঘদিনের দলীয় আধিপত্যের কোন্দল রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more