পটুয়াখালী সংবাদদাতা: ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে কীভাবে নিরাপদ থাকতে হবে এবং জরুরি
পরিস্থিতিতে দ্রুত সঠিক পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ
দিতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া। মঙ্গলবার (২৪ জুন) সকালে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর দ্বিতীয়
ক্যাম্পাসে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির যৌথ উদ্যোগে
“অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয়” শীর্ষক এ
কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের কাল্পনিক পরিস্থিতি
তৈরি করে বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হয়। এ সময় নিরাপদে ভবন ত্যাগ, আহতদের উদ্ধার,
প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কৌশল হাতে-কলমে প্রদর্শন
করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আয়োজকদের মতে, দুর্যোগকালীন করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও
আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মহড়ায় অংশ নিয়ে শিক্ষার্থীরা জরুরি
পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আত্মরক্ষার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী
সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব, নদী ফায়ার স্টেশনের
স্টেশন অফিসার রেজওয়ান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান,
উপাধ্যক্ষ আমান সাদিক, নির্বাহী সচিব মনজুরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী
ভীষ্মদেব বিশ্বাস, পুলিশের উপ-পরিদর্শক আবু ইউসুফ এবং ভলান্টিয়ার টিম লিডার জহিরুল
ইসলাম। বক্তারা বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি
কমানো সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নিয়মিত মহড়া শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায়
দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষম
ও সচেতন নতুন প্রজন্ম গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more