বাউফলে ৭টি খড়ের পালা পুড়ে ছাই; নাশকতার অভিযোগ

Date: 2026-04-25
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭টি খড়ের পালা পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কমলারানীর দিঘির পাড় এলাকায় জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ের পালাগুলোতে  আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রফিক, ফিরোজ, রাসেল ও রাজ্জাক—এই চার ভাই জানান, আগুনে তাদের অন্তত ৭টি খড়ের পালা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাস্থলের পাশের সড়কটি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার জন্য ব্যবহৃত হয়ে আসছে। গভীর রাতে সেখানে সন্দেহজনক লোকজনের আনাগোনা দেখা যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।
 
6K24TtG.jpeg

Leave Your Comments