নিজস্ব প্রতিবেদক, বাউফল
(পটুয়াখালী) পটুয়াখালীর বাউফল উপজেলার
কনকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট ও লো-ভোল্টেজ সমস্যায়
চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নিয়মিত লোডশেডিংয়ের কারণে স্থবির হয়ে পড়েছে
জনজীবন, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা। স্থানীয় সূত্রে জানা গেছে,
বিদ্যুতের ভোল্টেজ এতটাই কম যে অনেক সময় ফ্রিজ, ফ্যানসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম
ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা।
একই সঙ্গে কনকদিয়া বাজারের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা
জানান, দিনের পর দিন বিদ্যুৎ সংকট চললেও কার্যকর সমাধান মিলছে না। বিশেষ করে রাতে দীর্ঘ
সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। কনকদিয়া বাজারের এক ব্যবসায়ী
বলেন, “বিদ্যুতের এই সংকটে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ফ্রিজ চালানো যাচ্ছে
না, পণ্য সংরক্ষণে সমস্যা হচ্ছে। পরিবার নিয়েও দুর্ভোগে আছি।” এ বিষয়ে যোগাযোগ করা হলে
বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, কনকদিয়া ইউনিয়ন ও বাজার এলাকা কালিশুরী সাব-স্টেশনের
আওতাভুক্ত। পরে কালিশুরী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রান্সফরমার
ও সঞ্চালন লাইনের কিছু কারিগরি সমস্যার কারণে সাময়িক এ সংকট তৈরি হয়েছে। তারা আরও জানান, আগামী দুই-এক
দিনের মধ্যে এবং পবিত্র ঈদুল আজহার আগেই সমস্যার সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
করার চেষ্টা চলছে। তবে এলাকাবাসীর দাবি, আশ্বাস
নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধান করতে হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more