অনলাইন ডেস্ক:
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ জিতে নকআউটের
টিকিট অনেকটাই নিশ্চিত করে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল
মেসিদের আসল লক্ষ্য তো ট্রফি ধরে রাখা। তাই শেষ ষোলো কিংবা নকআউটের পথটা কেমন হতে যাচ্ছে,
তা নিয়ে এখন থেকেই চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছেন ফুটবলপ্রেমীরা। আজ রাতে অস্ট্রিয়ার
মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচের ফল এবং আগামীতে জর্ডানের বিপক্ষে লড়াই আলবিসেলেস্তেদের
নকআউট ভাগ্য নির্ধারণ করবে।
যদি আর্জেন্টিনা তাদের গ্রুপ ‘জে-এর শীর্ষস্থান ধরে রেখে
পরের রাউন্ডে যায়, তবে শেষ ৩২-এর লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ
দলের। বর্তমানে ‘এইচ’ গ্রুপের যে সমীকরণ, তাতে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে
কয়েকটি ভিন্ন দৃশ্যপট তৈরি হতে পারে:
গ্রুপ ‘এইচ’-এর পয়েন্ট তালিকায় এই মুহূর্তে স্পেনের ঠিক
পেছনে দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ে। আগামী ২৭ জুনের ম্যাচে উরুগুয়ে যদি স্পেনের
বিপক্ষে জয় পায় এবং গ্রুপের অন্য ম্যাচে কেপ ভার্দে পয়েন্ট হারায় বা ড্র করে, তবে স্পেন
চলে যাবে দ্বিতীয় স্থানে। সে ক্ষেত্রে গ্রুপসেরা আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে শক্তিশালী
স্পেনের।
পয়েন্ট টেবিলের জটিল সমীকরণে গোল ব্যবধান, ফেয়ার প্লে পয়েন্ট
কিংবা কম কার্ড দেখার নিয়মে উরুগুয়ের চেয়ে পিছিয়ে পড়লে কেপ ভার্দেও রানার্সআপ হতে পারে।
সেক্ষেত্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে তারা। অন্যদিকে, উরুগুয়ে যদি শেষ ম্যাচে হেরে
যায় এবং সৌদি আরব নিজেদের ম্যাচে জয় তুলে নেয়, তবে আলবিসেলেস্তেদের লড়তে হতে পারে সৌদি
আরবের বিরুদ্ধে।
কোনো কারণে যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পেরে
রানার্সআপ হিসেবে নকআউটে যায়, তবে সমীকরণ পুরোপুরি বদলে যাবে। তখন সরাসরি ‘এইচ’ গ্রুপের
চ্যাম্পিয়ন দল (যেটি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে স্পেন) মুখোমুখি হবে মেসিদের। আর যদি
তারা তৃতীয় দল হিসেবে পরের পর্বে পা রাখে, তবে ডি, জি, এল, বি অথবা কে—এই গ্রুপগুলোর
যেকোনো একটির চ্যাম্পিয়নের বিপক্ষে লড়তে হবে তাদের।
২০২৬ বিশ্বকাপে সমান পয়েন্টের দলগুলোর অবস্থান নির্ধারণে
ফিফা অলিম্পিক পদ্ধতি অনুসরণ করছে। যেখানে গোল ব্যবধানের আগে হেড-টু-হেড ম্যাচ, হেড-টু-হেড
গোল সংখ্যাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এরপর দেখা হবে সামগ্রিক গোল ও ফেয়ার প্লে
(কম লাল/হলুদ কার্ড) রেকর্ড। সবশেষে বিচার করা হবে ফিফা র্যাঙ্কিং।
আপাতত অস্ট্রিয়া বধের দিকেই চোখ আর্জেন্টিনার, কারণ আজ
পূর্ণ পয়েন্ট পেলেই নকআউটের গ্রুপসেরা হওয়ার পথটা অনেকটাই মসৃণ হয়ে যাবে স্কালোনির
শিষ্যদের জন্য।
তথ্য: ইত্তেফাক/ বিডিফেস
মেহেদী হাসান