প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ৬:০৬ এ.এম
সখীপুরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সেঁজুতি রাণী
মালু (৮) নামের এক
স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
মন্দিরপাড়া এলাকার বাসিন্দা ফালু চন্দ্র মালুর মেয়ে। তিনি স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র
জানায়, শনিবার বিকেলে খেলাধুলার উদ্দেশ্যে উপজেলা পরিষদ মাঠে যাওয়ার পর থেকে সেঁজুতির
কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পাশাপাশি এলাকায় মাইকিং করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি উপজেলা পরিষদ পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে শিশুটির মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত
ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more