প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২০, ২০২৬, ১২:৫৮ পি.এম
কুষ্টিয়ায় সাবেক মেয়রের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান
অ-অ+
অনলাইন
ডেস্ক: কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আলীর (৮৫) শহরের আড়ুয়াপাড়ার বাসভবনে মধ্যরাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। তবে দীর্ঘ তল্লাশি শেষে বাড়িটি থেকে সন্দেহভাজন কাউকে আটক বা কোনো নিষিদ্ধ উপাদান উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার পর থেকেই প্রায় অর্ধশতাধিক পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্য আড়ুয়াপাড়া এলাকায় আনোয়ার আলীর বাড়িটি ঘিরে ফেলেন। এ সময় রাস্তার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ থেকে ১০টি গাড়ি অবস্থান নিলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারের নেতৃত্বে যৌথ দলের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেন। অভিযান চলাকালীন পুলিশ সদস্যরা ভবনের প্রতিটি কক্ষ, বাথরুম, আলমারি, এমনকি ছাদ ও ছাদের পানির ট্যাংক পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালান। বাড়ির নৈশ প্রহরী হায়দার মোহাম্মদের দাবি, অভিযান শুরুর সময় পুলিশ এসে আনোয়ার আলীর ছেলে তনুর খোঁজ করে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংবলিত স্টোরেজ মেশিনটি (ডিভিআর) জব্দ করে নিয়ে যায়। এদিকে গভীর রাতে এই আকস্মিক অভিযানের খবর ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় বাসিন্দা ও নারী বাড়ির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেন। কোনো ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট তল্লাশি পরোয়ানা ছাড়া ৮৫ বছর বয়সী একজন প্রবীণ নাগরিকের বাড়িতে মধ্যরাতে এ ধরনের অভিযানের যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তোলেন। অভিযান শেষে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর সাংবাদিকদের জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে তথ্য ছিল যে এই বাড়িতে কিছু নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতেই আমরা তল্লাশি চালিয়েছি, তবে কাউকে পাওয়া যায়নি।" তল্লাশির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক মেয়র আনোয়ার আলী গণমাধ্যমকে বলেন, "কয়েক দিন আগেও পুলিশ আমার ছেলেকে খুঁজতে এসেছিল, আজ রাতে আবার এসেছে। কিন্তু আমার বা আমার পরিবারের কারও বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। আমরা কোনো সন্ত্রাসী নই।" তবে আনোয়ার আলীর স্ত্রী আকতার জাহান জানিয়েছেন, ঘরের ভেতর তল্লাশি চালানো হলেও পুলিশ সদস্যরা তাদের সাথে কোনো খারাপ আচরণ করেননি। রাত সাড়ে ১২টার দিকে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই অভিযান সমাপ্ত ঘোষণা করে পুলিশ ও র্যাবের দল ঘটনাস্থল ত্যাগ করে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more