মিরপুরে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেফতারে জামায়াতের দাবি
Date: 2026-09-28
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:২৯ এ.এম
মিরপুরে হামলা-লুটপাট: জড়িতদের গ্রেফতারে জামায়াতের দাবি
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানীর মিরপুরে একটি চিকিৎসাকেন্দ্রে এবং জুলাই গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমের কাছে এই দাবি তুলে ধরেন। তিনি চিকিৎসাকেন্দ্র এবং এরপর সালমান মুক্তাদিরের প্রতিষ্ঠানে গোলাগুলি ও লুটপাটের ঘটনার ভয়াবহতা সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে জামায়াত নেতা ড. রেজাউল করিম বলেন, চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনায় একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ গণমাধ্যমে এসেছে। তবে কারও রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সুনির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। তিনি স্পষ্ট করে বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। দোষী যেই হোক এবং সে যে দলেরই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি করতে হবে। তিনি আরও হতাশা ব্যক্ত করে বলেন যে, জুলাই আন্দোলনের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে লুটপাট, চাঁদাবাজি, দখলদারি ও গোলাগুলির রাজনীতি বন্ধ হবে। কিন্তু দুঃখজনকভাবে এই ধরনের ঘটনা এখনো ঘটছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় নির্বিশেষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ড. রেজাউল করিম আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে দেশের তরুণ ও মেধাবীরা ব্যবসা-বাণিজ্য ও দেশে নিজেদের মেধা বিনিয়োগের পরিবর্তে বিদেশমুখী হতে পারে। এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। ক্যান্টনমেন্ট এলাকার মতো গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত স্থানে এমন ঘটনা জননিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more