মুন্সিগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টায় ৭ জন গ্রেফতার
Date: 2026-09-28
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:৪৯ এ.এম
মুন্সিগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টায় ৭ জন গ্রেফতার
অ-অ+
অনলাইন ডেস্ক:
মুন্সিগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে বড় ধরনের ডাকাতির পরিকল্পনাকালে সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সদস্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই দিন সন্ধ্যায় মুন্সিগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— শরীয়তপুরের ফরহাদ হোসেন, নওগাঁর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন, রাজবাড়ীর চাকরিচ্যুত সার্জেন্ট মিজানুর রহমান, বরগুনার আব্দুল আলীম ও আবু হানিফ, মাগুরার সাকিবুর জামান মেহেদী এবং ভোলার মেহেদী হাসান সুজন। এদের মধ্যে আবু হানিফ ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটির চালক। অভিযানের সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, লোগোযুক্ত ভুয়া আইডি কার্ড, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিনসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এই চক্রটি শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে টার্গেট করেছে। ওই ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সিগঞ্জ সদরের দিকে যাওয়ার পথে তাকে র্যাব পরিচয়ে আটকে স্বর্ণালংকার লুটের পরিকল্পনা ছিল তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘ দিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাধারণ মানুষ ও স্বর্ণ ব্যবসায়ীদের জিম্মি করে ডাকাতি করে আসছিলেন। তারা মূলত বাস বা মাইক্রোবাসের যাত্রীদের আটক করে নিজেদের গাড়িতে তুলে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more