শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পেতে ব্রিটিশ আইনজীবীর আবেদন
নভেম্বর ১০, ২০২৬, ৪:২০ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২৬, ৪:২০ এ.এম
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পেতে ব্রিটিশ আইনজীবীর আবেদন
অ-অ+
অনলাইন ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে গত সোমবার ইমেইলের মাধ্যমে এই চিঠি পাঠান তিনি। তবে তাকে ব্যক্তিগতভাবে নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ বা সই করা ওকালতনামা পাওয়া যায়নি। এমনকি এই আইনি লড়াইয়ের আর্থিক ব্যয়ভার কে বহন করছে, সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধিবদ্ধ নাগরিকত্ব, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার যুক্তি দেখিয়ে তাকে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি প্রদানের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আবেদনটি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজপত্র কী হবে, তাও জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে নয়াদিল্লি মিশন চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।
লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্য স্টিভেন পওলস্ আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ের একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ। ১৯৯৭ সালে আইন পেশা শুরু করা এই ব্রিটিশ আইনজীবী ২০১৯ সালে কুইন্স কাউন্সেল (কিউসি) মর্যাদা লাভ করেন। এর আগে তিনি ডাউটি স্ট্রিট চেম্বার্সের সঙ্গে যুক্ত ছিলেন। বিগত ১৫ মাসের বিভিন্ন সময়ে শেখ হাসিনার পক্ষে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে আইনি উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এর মধ্যে ২০২৫ সালের আগস্ট ও নভেম্বরে জাতিসংঘের বিভিন্ন বিশেষ প্রতিবেদকের কাছে জরুরি আবেদন এবং ২০২৬ সালে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও জাতিসংঘের সংশ্লিষ্ট ফোরামে বিচার ও দল নিষিদ্ধকরণের বিষয়ে অভিযোগ দায়েরের ঘটনা উল্লেখযোগ্য।
এই চিঠির বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে পাঠানো চিঠির সত্যতা এবং আইনি বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এটিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে মন্তব্য করেছেন যে, শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্টের মাধ্যমে নয়, বরং দুই দেশের মধ্যকার বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতাতেই দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে। একইভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এই উদ্যোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য পরিচালিত একটি রাজনৈতিক কৌশল বা স্টান্ট বলে অভিহিত করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more