ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও পটুয়াখালীর বাউফল উপজেলার একটি ফাজিল মাদ্রাসায় গত ৫ আগস্ট ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কোনো কর্মসূচি পালন না করার অভিযোগ উঠেছে।
জানা যায়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সরকারি নির্দেশনা মেনে বাউফল উপজেলা প্রশাসনসহ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বাজেমহল ওবাইদিয়া ফাজিল মাদ্রাসা’য় দিবসটি উপলক্ষে কোনো কর্মসূচি পালন করা হয়নি। এমনকি ওই দিন প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ ছিল বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বাজেমহল ওবাইদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাসুম বিল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সরকারি নির্দেশনা অমান্যকারী উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এ বিষয়ে বলেন, "সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় দিবস ও নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করা সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। যদি কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করে থাকে, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে জাতীয় দিবসগুলো পালনের বিকল্প নেই। সরকারি নির্দেশনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো জরুরি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more