প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৬, ২০২৬, ৩:৩১ এ.এম
মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামির জয়
অ-অ+
অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ বিরতির পর প্রথমবারের মতো ইন্টার মায়ামির একাদশে ফিরেই নিজের রাজকীয় রূপ দেখালেন লিওনেল মেসি। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করালেন আরও একটি গোল। আর্জেন্টাইন মহাতারকার এমন অনবদ্য পারফরম্যান্সে লিগস কাপের রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪–২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ইন্টার মায়ামি।
বিশ্বকাপের পর গত রোববার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিরুদ্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচে গোল না পেলেও, আজ সকালের ম্যাচে একাদশে ফিরেই জ্বলে ওঠেন তিনি। মায়ামির মাঠে ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য স্বস্তিদায়ক ছিল না। ম্যাচের ৪ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সফরকারী মেক্সিকান ক্লাব সান লুইস। তবে সেই ধাক্কা সামলাতে বেশি সময় নেয়নি মায়ামি। ১১ মিনিটে অ্যালেনের পাস থেকে চমৎকার এক ভলিতে মায়ামিকে সমতায় ফেরান মেসি। ২০২৬ বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে এটিই তাঁর প্রথম গোল।
সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় মায়ামি। ২৬ মিনিটে তেলাসকো সেগোভিয়ার গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর ৪৪ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর বল পেয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধের যোগ করা সময়ের ৭ম মিনিটে (৪৫+৭ মি.) আরও একবার মেসির জাদু দেখে দর্শকরা। মেসির নিখুঁত কর্নার কিকে হেডে বল জালে পাঠান মিকায়েল, যার ফলে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। বিরতির পর ৫১ মিনিটে সান লুইসের রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ করে ব্যবধান ৪-২ করেন। দ্বিতীয় অর্ধে ফ্লোরিডায় প্রবল বৃষ্টির কারণে খেলা আধ ঘণ্টারও বেশি সময় স্থগিত থাকে। বৃষ্টির পর খেলা পুনরায় শুরু হলে সান লুইস ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও মায়ামির রক্ষণে ফাটল ধরাতে পারেনি।
লিগস কাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে মেসি এই ম্যাচের জোড়া গোলের মাধ্যমে লিগস কাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন আঙিকে চালু হওয়ার পর লিগস কাপে মেসির মোট গোল সংখ্যা এখন ১৪টি। এর মাধ্যমে তিনি লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার রেকর্ড ভেঙে নিজের ঝুলিতে পুরেছেন এই কীর্তি। লিগস কাপে এখন পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে এটি ছিল মেসির ৫ম জোড়া গোলের ম্যাচ। লিগস কাপ অভিযানে জয় দিয়ে শুরু করা ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে আগামী ৯ আগস্ট মাঠে নামবে। সেদিন তাদের প্রতিপক্ষ মেক্সিকোর আরও এক শক্তিশালী ক্লাব মন্তেরেই।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more