প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৬, ৫:০১ এ.এম
ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী জাপানের কোচ
অ-অ+
অনলাইন ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ান পরাশক্তি জাপান। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে ‘ব্লু সামুরাই’রা। চোটের কারণে দলের অন্যতম প্রধান তারকা উইঙ্গার তাকেফুসা কুবো সেলেসাওদের বিপক্ষে মাঠে নামতে পারছেন না। জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু নিশ্চিত করেছেন যে, কুবো এখনো দলের মূল অনুশীলনে ফিরতে পারেননি এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতির পাশাপাশি আরও কিছু প্রতিকূলতা সামলাতে হচ্ছে জাপানকে। উত্তর আমেরিকা জুড়ে দীর্ঘ ভ্রমণক্লান্তি এবং ব্রাজিলের তুলনায় একদিন কম বিশ্রাম পাওয়াকে দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জাপানি কোচ। তবে সব প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ হাসি হাসতে মরিয়া তারা। গত ম্যাচের প্রীতি লড়াইয়ে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি আত্মবিশ্বাস জোগাচ্ছে এশিয়ান জায়ান্টদের। যদিও মোরিয়াসু মনে করেন, সেই হারের প্রতিশোধ নিতে ব্রাজিল এবার বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে। এদিকে, কাতার বিশ্বকাপের শেষ ১৬-তে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৩টি পেনাল্টি মিসের সেই দুঃসহ স্মৃতি এখনো ভোলেনি জাপান। অতীতের সেই ভুলের পুনরাবৃত্তি রুখতে এবার ভীষণ সতর্ক কোচ। মোরিয়াসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যদি কোনো কারণে টাইব্রেকারে গড়ায়, তবে পেনাল্টি নেওয়ার ক্রম এবার আর ফুটবলারদের ওপর ছেড়ে দেওয়া হবে না। কোন খেলোয়াড় কখন পেনাল্টি শট নেবেন, তা তিনি নিজেই নির্ধারণ করবেন। বিগত চার বছরে জার্মানি, স্পেন এবং ইংল্যান্ডের মতো পরাশক্তিদের হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে জাপান। এবার টুর্নামেন্টের 'ডার্ক হর্স' হিসেবে সেমিফাইনাল বা ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ব্লু সামুরাইরা। তথ্য: ইত্তেফাক/ বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more