প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৬, ২:১৪ পি.এম
স্বীকৃতির পথে দুমকির জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়
অ-অ+
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিন ধরে সরকারি স্বীকৃতি ও নিবন্ধনের অপেক্ষায় থাকা জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে সরকারি নির্দেশনার অংশ হিসেবে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করেন। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত সহায়ক উপকরণ ও খেলাধুলার সামগ্রী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আতিকুল ইসলাম জানান, শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয়টি দ্রুত সরকারি স্বীকৃতি পাবে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি এখনো সরকারি নিবন্ধন পায়নি। স্বীকৃতি না থাকলেও প্রতিষ্ঠানটি নিয়মিত ও সুশৃঙ্খলভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রধান শিক্ষক আরও জানান, নিবন্ধনের অভাবে বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বিনা বেতনে দায়িত্ব পালন করছেন। ফলে তারা চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। উল্লেখ্য, সম্প্রতি দেশের প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও নিবন্ধনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর পর সরকার নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করলে তারই অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মতো জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ও পরিদর্শনের আওতায় আসে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more