প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ১:৩৭ পি.এম
অনলাইন জুয়া ও বেটিংয়ে কঠোর আইন প্রণয়ন
অ-অ+
অনলাইন ডেস্ক:
দেশে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো এবং ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার বিস্তার রোধে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। ১৮৬৭ সালের পুরনো ঔপনিবেশিক আইনকে অকার্যকর ঘোষণা করে আধুনিক প্রযুক্তিনির্ভর এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। নতুন এই আইনে ডিজিটাল মাধ্যমে জুয়া পরিচালনাকারী বা এর সাথে সংশ্লিষ্টদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আইনে অনলাইন জুয়া, বেটিং, ঘোস্ট সিম ব্যবহার, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে লেনদেন এবং জুয়ার বিজ্ঞাপন প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই অপরাধগুলো ‘আমলযোগ্য’ ও ‘অজামিনযোগ্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং সাইবার ট্রাইব্যুনাল বা মোবাইল কোর্টের মাধ্যমে এর বিচার সম্পন্ন হবে। সরকারের ভাষ্যমতে, ভিপিএন ও ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইন জুয়া বর্তমানে দেশের সামাজিক শৃঙ্খলা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যার প্রেক্ষিতেই এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলো।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more