পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
Date: 2026-07-15
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২৬, ১২:৪৯ পি.এম
পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি:
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মেলাপ্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এরপর সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ কোটি বৃক্ষরোপণের উদ্যোগকে সফল করতে সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। পর্যাপ্ত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমবে, অক্সিজেনের পরিমাণ বাড়বে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more