শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
Date: 2026-07-15
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২৬, ১:৩৯ পি.এম
শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
অ-অ+
অনলাইন ডেস্ক:
বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। শিক্ষামন্ত্রীর পদত্যাগের একদফা দাবিতে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের একটি দল। এর ফলে শাহবাগ ও এর আশপাশের সড়কগুলো দিয়ে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে অবরোধ করেন। সেখানে কিছু সময় অবস্থানের পর তারা 'লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়' কর্মসূচি শুরু করেন এবং সচিবালয়ের অভিমুখে রওনা হন। বিকাল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। তবে পিছু না হটে শিক্ষার্থীরা সেখানেই অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন এবং সন্ধ্যা ৬টার দিকে গুরুত্বপূর্ণ এই মোড়টি পুরোপুরি অবরোধ করে ফেলেন। আন্দোলনে অংশ নেওয়া মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের দাবি এখন একটাই—শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে এমন অবহেলা করতে পারেন, তার পদে থাকার কোনো অধিকার নেই।"
শেষ খবর পাওয়া পর্যন্ত, শাহবাগ এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যান চলাচল বন্ধ থাকায় বিকল্প সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more