প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২৬, ১:৫১ পি.এম
প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬' প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 'মানুষ গড়ার কারিগর' হিসেবে অভিহিত করেন এবং শিশুদের সংবেদনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবার আগে মানবিক সৈনিক প্রয়োজন, আর এই সৈনিকদের তৈরি করার মূল দায়িত্ব শিক্ষকদের। তিনি শিক্ষকদের অনুরোধ করেন, কোমলমতি শিশুরা যেন কোনো প্রাণী, পশুপাখি কিংবা সহপাঠীর প্রতি নির্দয় হয়ে বেড়ে না ওঠে, সেদিকে যেন বিশেষ খেয়াল রাখা হয়। শিশুদের মধ্যে নৈতিকতা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ছড়িয়ে দিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের সুযোগ-সুবিধা ও দক্ষতার উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি জানান, শিক্ষকদের বিদ্যমান সংকটগুলো সমাধানের পাশাপাশি তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রথাগত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী খুদে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবছর বর্ষাকালে প্রত্যেকে যেন অন্তত একটি করে গাছ লাগায়, যা তাদের সাথে সাথে বেড়ে উঠে এক সময় তাদের পরম বন্ধুতে পরিণত হবে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর দেশের প্রাথমিক শিক্ষার বর্তমান চিত্র এবং শিক্ষার মানোন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান নিয়ে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক প্রাথমিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more